নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৮ জন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে (ইটাখোলা সংলগ্ন) এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. সোহেল সারোয়ার।
নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হন। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহ আলমকে মৃত ঘোষনা করেন।
আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি'কে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এন'নস/এমনআ