এম নূরউদ্দিন আহমেদ : রায়পুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক দীপক দত্তের ভগ্নিপতি শ্যামল কুমার ঘোষ (৪৫) নিখোঁজ হয়েছেন।
গত শুক্রবার (২৬ জুন) সকাল ৯টার দিকে ব্যবসায়িক কাজে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পারিবারিক সূত্রে জানা যায়, শ্যামল কুমার ঘোষ ভৈরবে চাউলের পাইকারি ব্যবসা করেন।
শুক্রবার (২৬জুন) সকালে ব্যবসায়ী উদ্দেশ্যে ভৈরবের আগা-নগর এলাকায় যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এদিকে শ্যামল কুমার ঘোষের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।