নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের পর থেকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যে জনমত তৈরি হয়েছিল, অভিযুক্তদের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।
তিনি জানান, ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বুধবার গভীর রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন ও ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন ববি বেগম। পরিবার-পরিজনহীন এই বৃদ্ধা যাত্রীদের সহানুভূতি ও সামান্য আয়ের ওপর নির্ভর করেই জীবনযাপন করতেন।
গত ৪ জুলাই দুর্বৃত্তরা তাঁর ওপর নৃশংস হামলা চালিয়ে তাঁর জমানো অর্থ লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়। কিন্তু মৃত্যুর সঙ্গে কয়েকদিন লড়াই করে গত ৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কোনো স্বজন না থাকায় ববি বেগমকে রেলওয়ের কবরস্থানে দাফন করা হয়। যে মেথিকান্দা রেলস্টেশনকে তিনি বছরের পর বছর নিজের ঘর বানিয়ে রেখেছিলেন, সেই স্টেশনেই তাঁর শেষ বিদায় সম্পন্ন হয়।
ববি বেগমের মৃত্যুর খবরে রায়পুরা উপজেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
অবশেষে পাঁচ আসামি গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা আশা করছেন, তদন্ত দ্রুত সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।