রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ভূমি মেলা ২০২৫’। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্দেশ্য ছিল জনসাধারণকে ভূমি সংক্রান্ত আধুনিক সেবা ও ডিজিটাল ব্যবস্থা সম্পর্কে সচেতন করা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদূর রহমান রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার সামস জামান রাফি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, রিপোর্টাস ক্লাবের সভাপতি তৌফিকুল হক, ফোরামের সাবেক সভাপতি মেহেদী হাসান রিপন, সভাপতি মো. হারুনুর রশীদ, প্রেসক্লাবের সহসভাপতি মো. ফরিদ মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আলেম এবং সাধারণ জনগণ।
মেলায় উপজেলা ভূমি অফিসের সামনে সজ্জিত একটি স্টলে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা যেমন অনলাইন খতিয়ান সংগ্রহ, নামজারি আবেদনের পদ্ধতি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি জরিপ ও রেকর্ড সংশোধনের সেবা প্রদান করা হয়। এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের উদ্ভাবনী উদ্যোগ সমূহ প্রদর্শন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই ধরনের ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। "মেলায় আগত সাধারণ মানুষ ভূমি সেবা সহজীকরণে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী বছরেও আরও ব্যাপক ভাবে এই আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এন'নস/এমনআ