রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোমেন মিয়া নিহতের ঘটনার ৯ দিন পর পুলিশ-র্যাবের যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি আগ্নেয়াস্ত্র, গুলি, টেঁটা, বিপুল পরিমাণ ককটেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২আগষ্ট) সন্ধ্যা ৬টায় রায়পুরা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চানপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ও ফরিদ উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২ আগস্ট ফরিদ উদ্দিনের সমর্থকরা হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে বর্তমান চেয়ারম্যানের অনুসারী কৃষক মোমেন মিয়া নিহত হন।
এ ঘটনার পর মঙ্গলবার সওদাগরকান্দি এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড গুলি, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ঢাল, ১৩৬টি ককটেল, আটটি বল্লম, এক বালতি পাথর ও একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদাগরকান্দি এলাকার হাসেন আলীর ছেলে মনির হোসেন, মৃত তালেব আলীর ছেলে আলকাছ এবং ফারুক মিয়ার ছেলে সাইমন।
এ ঘটনায় ৪ আগস্ট নিহত মোমেন মিয়ার ছোট ভাই আমিন মিয়া বাদী হয়ে ৬৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশিকুর রহমান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিশির এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।