রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ এলাকায় বাজারের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরীর নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ খাদ্যপণ্য খেজুর, তেল, ডাল, মাছ-মাংসসহ সব ধরনের সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
বাজার মনিটরিং কালে ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার আইনে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাই ৬জন দোকানদারকে ১০হাজার ৫'শত টাকা জরিমানা করা হয়। মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই আজকে বাজার মনিটরিং করা হয়। বাজারে স্বাভাবিক চলাচল এবং ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম আরো বলেন, বাজার যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি। প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন রায়পুরা থানা পুলিশ।
এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সার্টিফিকেট পেশকার মো. ইলিয়াস হোসেন।
এন'নস/এমনআ