এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলায় “করতে হবে মৃত্যু নিবন্ধন, জানতে হবে মৃত্যুর কারণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মৌখিক ময়নাতদন্ত বিষয়ক একদিনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭জুন) সকালে উপজেলার হলরুমে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), স্বাস্থ্য অধিদপ্তর ও রায়পুরা নগর স্বাস্থ্য পরিষদের আয়োজনে বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সিআরভিএস সচিবালয়ের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে ও স্বাস্থ্য কর্মকর্তা জান্নাতুল নাঈম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫, রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির, ডা. তৌফিক হাসান শাওন, ডা. আয়েশা সিদ্দিকা আশা, নরসিংদীর নতুন সময় এর সম্পাদক ও প্রকাশক এম নূরউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, নূর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক, রিপোর্টাস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি বলেন, দেশের স্বাস্থ্যখাতের সঠিক পরিকল্পনা গ্রহণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব মৃত্যু হাসপাতালে নয়, বাড়িতে বা গ্রামের বিভিন্ন স্থানে ঘটে থাকে, সেসব মৃত্যুর কারণ নির্ধারণে মৌখিক ময়নাতদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ণয় করেন। এর মাধ্যমে দেশে রোগব্যাধির প্রকৃত চিত্র উঠে আসে এবং স্বাস্থ্যসেবা পরিকল্পনা গ্রহণ সহজ হয়।
বক্তারা আরও বলেন, অনেক পরিবার এখনো সময়মতো মৃত্যু নিবন্ধন করেন না। ফলে সরকারি বিভিন্ন তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণে ঘাটতি থেকে যায়। তাই সবাইকে মৃত্যু নিবন্ধনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এননস/এমনআ/রায়