এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাত পাখা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডভিত্তিক জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ, নারী প্রতিনিধিসহ নানা শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, রায়পুরার পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অবিন্যস্ত উন্নয়নের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ অবস্থায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলা মো. বদরুজ্জামান। তিনি সাধারণ মানুষের পাশে থেকে যে সেবা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন—তা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। বক্তারা আরও বলেন, রায়পুরাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে হলে উন্নয়নমুখী নেতৃত্বের বিকল্প নেই।
সভায় পৌরবাসীরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা যেমন—রাস্তাঘাটের দুরবস্থা, জলাবদ্ধতা, ড্রেনেজ সংকট, স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব, কিশোর অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে সরাসরি মতামত তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ এসব সমস্যার সমাধানে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
বক্তারা বলেন, নরসিংদী-৫, রায়পুরায় হাত পাখা প্রতীকের প্রার্থী একজন পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্বের প্রতীক। তিনি নির্বাচিত হলে রায়পুরার প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন বণ্টন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা ও উদ্যোক্তা উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ডিজিটাল সেবা ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবেন।
সভায় অংশগ্রহণকারীরা একমত হয়ে বলেন, রায়পুরার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক নেতৃত্ব বেছে নেওয়া এখন সময়ের দাবি। এজন্য দলমতের বিভেদ ভুলে হাত পাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা চালানোর ঘোষণা দেন তারা।
সভা শেষে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া এবং অপপ্রচার প্রতিরোধে সক্রিয় থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।