এম নূরউদ্দিন আহমেদ: নরসিংদীর রায়পুরা উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুল।
সাক্ষাৎকালে এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপজেলার জনগণের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় এলজিইডির প্রধান প্রকৌশলী রায়পুরার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পগুলো সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতিও নিয়মিত তদারকি করা হবে।
এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” সাক্ষাৎ শেষে রায়পুরার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এননস/এমনআ