শাহরিয়ার ইমন, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নে মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কবি ও ছড়াকার, সাংবাদিক আবু কাউছারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল পীর ফতেহ আলীর মাজার এলাকায় গেলে রাসেল ওরফে কালা রাসেল নামে এক ব্যক্তি আবু কাউছারকে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজনের সামনেই তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু কাউছার রাধানগর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কারণে একটি চক্র তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে বলে ধারণা করছেন এলাকাবাসী। এ বিষয়ে আবু কাউছার বলেন, “আমি সবসময় অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কথা বলেছি। মাদক ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় আমাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবিষয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা দাবি করছি।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল দ্রুত তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।