
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে নারীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনার ১১ দিনেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ- এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী ও বাদী নূরজাহান খানম ইতির রায়পুরা থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর প্রায় ১২টার দিকে রায়পুরা উপজেলার আদিয়াবাদ সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে তিনি ও তার সঙ্গে থাকা প্রায় ৮০ থেকে ৮৫ জন নারী-পুরুষ একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। তারা সকলেই ছিলেন আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের প্রাত্তন শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, মানববন্ধন চলাকালে আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল সহ তার সমর্থক আমজাদ, মিল্লাত, হাসনাত, উত্তরপাড়ার সোহাগ মোল্লা ও আল আমিন সহ আরও ৯-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠিসোটা নিয়ে সেখানে এসে মানববন্ধনে বাধা দেয়। একপর্যায়ে তারা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়।
এ সময় মানববন্ধনে উপস্থিত সামসু উদ্দিন খান হামলাকারীদের বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া রোকসানা ওয়াহিদকে থাপ্পড় মেরে তার হাতে থাকা ব্যানার কেড়ে নেওয়া হয় এবং নারী অংশগ্রহণকারীদের বোরকা ও কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার সময় হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে আহত সামসু উদ্দিন খানকে স্থানীয়দের সহায়তায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর নূরজাহান খানম ইতি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ১১ দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো মামলা রেকর্ড বা দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। এতে ভুক্তভোগী পরিবার ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগী ও বাদী নূরজাহান খানম ইতি বলেন, নারীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ থাকার পরও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ। আজ ১১দিন হয়। অভিযোগের ৮দিন পর শুক্রবার থানা থেকে ফোন করে ডেকে নিয়ে নতুন অভিযোগে স্বাক্ষর নেয়। আজ ১০ তারিখ থানায় গেলে ওসি বলেন আগামীকাল (মঙ্গলবার দুপুর) পর্যন্ত সময় দেওয়ার জন্য পরে তিনি মামলা রুজু করবেন। এদিকে, ঘটনার ১১ দিনেও আইনী ব্যবস্থা গ্রহন না করায় হামলাকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানববন্ধনের নারীদের নিয়ে বিভিন্ন অশালিন ভাষায় পোস্ট দিয়ে তাদের মানহানির ঘটনাও ঘটাচ্ছেন বলে জানান বাদী। তাই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো কোন ব্যবস্থা গ্রহন না হওয়ার কারন কি জানতে চাইলে তিনি বলেন, অভিযোগে কিছু ভুল ছিল সেটা সংশোধন করতে গিয়ে দেরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, নারীদের মানববন্ধনে হামলার মতো ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এননস/এমনআ/রায়
Leave a Reply