• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দিনে এক ভাড়া, রাতে আরেক, সন্ধ্যার পরেই ৪০ টাকার ভাড়া ১’শত টাকা

নিজস্ব প্রতিবেদক
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আরশিনগর-রায়পুরা সড়কে যাত্রীদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার আরশিনগর-রায়পুরা সড়কে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ উঠেছে, দিনের বেলায় নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করলেও সন্ধ্যার পর থেকেই একই পথে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন চালকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আরশিনগর থেকে রায়পুরা পর্যন্ত দিনে যেখানে জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে সন্ধ্যার পর থেকেই সেই ভাড়া বেড়ে দাঁড়ায় ৮০ থেকে ১’শত টাকায়। এতে প্রতিদিন কর্মস্থল থেকে ফেরা শ্রমিক, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
ভুক্তভোগী যাত্রীরা জানান, সন্ধ্যার পর রাস্তায় যানবাহন কমে যাওয়ার সুযোগে কিছু সিএনজি চালক ইচ্ছামতো ভাড়া দাবি করছেন। অতিরিক্ত ভাড়া দিতে অপারগ হলে অনেক সময় যাত্রীদের গাড়িতে তুলতেও অনীহা প্রকাশ করা হয়। ফলে বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
ভুক্তভোগী ইব্রাহিম, সানাউল্লাহ, আমেনা বেগমসহ একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনে এক ভাড়া আর রাতে আরেক ভাড়া—এভাবে চলতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
স্থানীয় সচেতন মহল বলছে, সড়কে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক নজরদারি না থাকায় কিছু অসাধু চালক এই সুযোগ নিচ্ছেন। তারা দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category