
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাসেম বলেছেন, ৫ আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও সে এখনো বসে থাকেনি। আমাদের পাশের দেশ ভারতে বসে সে এখনো ষড়যন্ত্র করছে। তার এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় তরুন প্রবাসী সংগঠনের উদ্যোগে ও নরসিংদী জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামুর পরিচালনায় এক শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, খবরের পাতা খুললেই দেখা যায় রায়পুরার এ চরগুলোতে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে। টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করছে। নির্বাচনকে ঘিরে সবসময় এখানে হামলা সংঘর্ষ হয়। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসালে আমাদের প্রথম কাজই হবে চরাঞ্চলের এইসব টেটা যুদ্ধ বন্ধ করা।
বিএনপির এই নেতা আরও বলেন, ভেলুয়ারচর এলাকায় চারদিকেই নদীপথ রয়েছে। এ অঞ্চলে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে খুব সহজে এ এলাকার মানুষ কর্মমুখী হবে। তাদের একটা কর্মসংস্থান হবে। সিমেন্ট ফ্যাক্টরি বা পেপার মিল তৈরী করলে সুবিধা হবে।
ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএন জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রায়পুরা উপজেলা শাখার সভাপতি বাবু চন্দন কান্তি সাহা, যুবদল নেতা কামাল ফকির, এড. মেহেদী হাসান ও আকির ভুইয়া প্রমূখ।
এন’নস/এমনআ/জুয়েল
Leave a Reply