
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় উপজেলার মরজালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধর ও হামলা মামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন।
শনিবার (২৯ জুন) সকালে উপজেলা সদরের একটি ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য আসাদ মিয়া। তার পিতা সাহাজ উদ্দিন মারধরের শিকার হয়ে গুরুতর জখম হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন। এসব ব্যাপারে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
মারধরের ব্যাপারে অভিযোগ উঠেছে মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার আব্দুর রহমান এর স্ত্রী হাছেনা বেগম (৫৭), মৃত আলাউদ্দিন এর ছেলে সিহাব (৩৫), মৃত কলিমউদ্দিনের ছেলে রবি মিয়া (৩৬), আবুল বাদশা, সালাউদ্দিন, রেলি বেগম ও তামিদ খানের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে রাস্তায় গরু রেখে পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি করে রাখে হাছেনা বেগম। তখন সাহাজ উদ্দিন ওই সড়ক দিয়ে চলাচলের সময় গরু সিং দিয়ে আঘাত করে। বিষয়টি হাছেনাকে জিজ্ঞেস করায় হাছেনা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীদের দায়ের কুপে সাহাজউদ্দিন গুরুতর আহত হয়। এবং নাছিমা বেগম ঘটনার সময় প্রতিপক্ষদের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
ঘটনার পর প্রতিপক্ষ লোকেরা পুণরায় আহতদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা দিয়ে হয়রানী করার জন্য চেষ্টা চালাচ্ছে। এসব ব্যাপারে তারা প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।
এন’নস/এমনআ
Leave a Reply