
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় শ্রীনগর বাজার ঘাট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।। সম্পর্কে তারা আপন খালাতো ভাই।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার শ্রীনগর বাজার ঘাট (মেঘনার তীরবর্তী) থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহত সাইফুল (০৭) পলাশতলী ইউনিয়ন খাকচক গ্রামের রোকন মিয়ার ছেলে এবং আব্দুল্লাহ (০৬) পাড়াতলী ইউনিয়ন মধ্যনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে। স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুরে আনুমানিক ২টার দিকে ঘুরি উড়াচ্ছিলো সাইফুল ও আব্দুল্লাহ। খেলা শেষে নদীতে গোসল করতে নামে এবং সেখানেই তারা ডুবে মারা যায়।
শ্রীনগর এলাকার বাসিন্দা শামীম নামের এক ব্যক্তি জানান, জুম্মার নামায পড়তে যাওয়ার সময় তাদেরকে ঘুরি উড়াতে দেখা যায়। নামায পড়ে এসেই শুনি তারা নিখোঁজ। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, আজ সকালে মায়েদের সাথে শ্রীনগর নানা বাড়ীতে বেড়াতে আসে সাইফুল ও আব্দুল্লাহ। তারা দুজনই আপন খালাতো ভাই। তাদের নানা শ্রীনগর গ্রামের মো. সিরাজ মিয়া। তাদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও প্রতিবেশীদের মাজে। পরিবারসহ প্রতিবেশীদের কান্নায় ভারি হচ্ছে শোকের আকাশ।
এবিষয়ে শ্রীনগর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে নানা বাড়ীতে বেড়াতে আসে তারা। নামাজের সময়ে কখন যে ঘুরি উড়াতে উড়াতে নদীতে গিয়ে পরে তা কেউ দেখেনি। সম্ভবত সাঁতার না জানার কারণেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
রায়পুরা থানার এসআই মো. মামুন বলেন নানা বাড়ীতে বেড়াতে আসা সাইফুল ও আব্দুল্লাহ নামে দুই শিশু শ্রীনগর বাজার ঘাটে নদীর পানিতে ডুবে মারা যায়। তারা পরিবারসহ নানা সিরাজ মিয়ার বাড়ীতে বেড়াতে আসে। উক্ত বিষয়ে নৌ-পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
এন’নস/এমনআ
Leave a Reply