
এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনপ্রিয় জননেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শমসের জামান ভুঁইয়া রিটন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শমসের জামান রিটন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলাব উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।
আজ বিকেল ৩:৩০টায় বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
স্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যান শমসের জামান রিটনের মৃত্যুতে বেলাব উপজেলার উন্নয়ন ও জনসেবার অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
Leave a Reply