
এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দিন ব্যাপি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শনী সাজানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও কৃষাণীরা।
ফিতা কেটে অতিথিরা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মেলায় ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো, স্মার্ট সেচ ব্যবস্থা, হাইব্রিড বীজ, জৈব সার উৎপাদন প্রযুক্তি, গৃহস্থালি পুষ্টিবাগান, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতিসহ নানান আধুনিক সুবিধা ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। কৃষকদের নতুন উদ্ভাবন ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় বিশেষ কর্মশালা ও কৃষক সমাবেশ।
অতিথিরা বলেন, কৃষি প্রযুক্তির উন্নয়ন ও সঠিক পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের সামগ্রিক কৃষি উন্নয়ন আরও গতিশীল হবে।
দিনব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকগোষ্ঠী ও সংগঠনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এন’নস/এমনআ
Leave a Reply