
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : গত ২২ মে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ আবেদ হাসান রুবেল ও তার সমর্থকদের হাতে নিহত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ও স্ত্রী সাজিয়া আফরিন লিজা দম্পত্তির ঘরে দুটি জমজ কন্যা সন্তানের জন্ম হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে নিহত সুমনের স্ত্রী সাজিয়া আফরিন লিজা যমজ সন্তান জন্ম দেন।
দুপুরে চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি নাসির উদ্দিন বলেন, আমার নাতনি দুইটা দেখতে সুন্দর হয়েছে। তারা সুস্থ আছে। তবে দুঃখ হলো, আমার ছেলে নিজ সন্তানের মুখ দেখে যেতে পারল না। সন্ত্রাসীরা আমার ছেলে সুমনকে হত্যা করেছে। হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
এর আগে, গত ২২ মে রায়পুরা উপজেলার চরাঞ্চলে পাড়াতলীতে প্রচারণায় যান তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া। একই দিন ওই ইউনিয়নে যান তার প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল। দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াতলীর মামদিরকান্দি গ্রামের ছলিম বাড়ির সামনের রাস্তায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হন। এসময় তাদের মধ্যে হামলা ও সংঘর্ষ হলে গুরুতর আহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া।
আহত সুমনকে তার কর্মীরা উদ্ধার করে দুপুরের দিকে পাড়াতলী থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এদিকে গত ২৩ মে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহত হওয়ার ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ঘটনার তিন দিন পর ২৬ জনকে আসামি করে নিহত সুমনের বাবা হাজী নাসির উদ্দিন এর দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান রায়পুরা থানার পুলিশ।
এন’নস/এমনআ
Leave a Reply