
এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে একটি অবৈধ স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন সহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে রায়পুরা থানা প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
গ্রেফতারকৃত আসামী হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ থানার বালিহাড়ি এলাকার মোঃ সেলিম হোসেন এর ছেলে।
প্রেস ব্রিফিং এ, এএসপি আফসান আল আলম বলেন, বুধবার (৫ জুন) দুপুরে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়াত হোসেন পলাশ এর নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌকস অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভৈরব-ঢাকা রুটের নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি অবৈধ স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন, ১টি ব্যাগ, ৩ টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ দশ হাজার বিশ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ নওমি পরিবহন বাসটিকেও জব্দ করে থানায় নিয়ে আসে।
ওসি সাফায়াত হোসেন পলাশ জানান, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে বেশিরভাগ সময়ই ছদ্মবেশে থাকে। তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে আরও বিস্তর তথ্য জানা যাবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এসময় রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান, উপ-পরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম, ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ
Leave a Reply