রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা পৌরসভার ৮নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. রহমত উল্লাহ সোহেল নামে এক যুবক। উপজেলা অডিটোরিয়ামের পেছন দিক থেকে রাজনগর ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির ভাঙাচোরা অংশে ইটের খোয়া ও বালি ফেলে মেরামত করেন তিনি। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে এবং অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উপজেলা অডিটোরিয়ামের পেছন থেকে রাজনগর ব্রিজ পর্যন্ত সড়কটি এলাকাবাসীর চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও যানবাহনের চালকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এ অবস্থায় জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী মো. রহমত উল্লাহ সোহেল নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কটির খানাখন্দে ইটের খোয়া ও বালি ফেলে মেরামতের ব্যবস্থা করেন। তাঁর এ উদ্যোগে সাময়িকভাবে হলেও সড়কটি চলাচলের উপযোগী করতে সহায়তা হয়েছে বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী জানান, জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে সোহেলের এ উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা আশা প্রকাশ করেন, এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ বিষয়ে মো. রহমত উল্লাহ সোহেল বলেন, “আমি ৮নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই। মানুষের দুর্ভোগ দেখেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে কাউন্সিলর হতে পারলে জননেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির সহযোগিতা ও পরামর্শক্রমে আমার ৮নং ওয়ার্ডকে ঢেলে সাজাব, ইনশাআল্লাহ। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।” তিনি আরও জানান, সুযোগ পেলে এলাকার মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।