নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ফ্যাসিবাদ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৈকত সুমনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মেথিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে প্রায় তিন শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সৈকত সুমন উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে জেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন ও প্রতিকূল সময়ে তিনি সক্রিয়, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। প্রেস ব্রিফিংয়ে সৈকত সুমন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ফ্যাসিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় স্থানীয় সাংবাদিক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মোটরসাইকেল শোভাযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।