এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাতিম ফার্নিচার শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হাতিম গ্রুপের চেয়ারম্যান মো. আলী আজগর। তিনি বলেন, দীর্ঘ পথচলায় গুণগত মান, আধুনিক ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে গুরুত্ব দিয়ে হাতিম ফার্নিচার দেশের মানুষের কাছে একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আসন্ন রায়পুরা পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা খালিদ হোসেন নাহিদ মোল্লা, পলু ও সাজেদুল ভুইয়া প্রমুখ।
এ সময় হাতিম ফার্নিচারের এসআর, ডিএসআর, শোরুমের স্বত্বাধিকারী মো. নাসিম মিয়াসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শোরুম কর্তৃপক্ষ জানায়, রায়পুরা ও আশপাশের এলাকার ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে হাতিম ফার্নিচারের বিভিন্ন আধুনিক ও মানসম্মত আসবাবপত্র এখানে পাওয়া যাবে। ক্রেতাদের পছন্দ, প্রয়োজন ও সাধ্যের মধ্যে মানসম্মত ফার্নিচার সরবরাহের পাশাপাশি ভালো সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন এই শোরুম চালুর ফলে রায়পুরা ও আশপাশের এলাকার মানুষের হাতের নাগালে হাতিম ফার্নিচারের পণ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা শোরুমটির সাফল্য কামনা করেন।
এননস/এমনআ