এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন-২০২৬’। এবারের আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেবেন। ম্যারাথনের পাশাপাশি শীঘ্রই মেঘনা নদীতে দেশের বিভিন্ন স্থান থেকে নৌকা এনে বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, এবারের রায়পুরা ম্যারাথন সারা দেশের মধ্যে একটি বড় আয়োজন হতে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হবে। পাশাপাশি মেঘনা নদীতে নৌকা বাইচ আয়োজনের ঘোষণা দেন তিনি।
ম্যারাথন আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সালে ৪০০ জন রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন প্রায় ৭০০ জন এবং ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ৮০০ ছাড়িয়ে যায়। ধারাবাহিকভাবে অংশগ্রহণ বাড়ায় রায়পুরা ম্যারাথন এখন দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত একটি ইভেন্টে পরিণত হয়েছে। এবারের আয়োজনে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে- ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২৫ কিলোমিটার রেস, ১০ কিলোমিটার রেস এবং এক কিলোমিটার ফ্যামিলি রেস। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা একসঙ্গে অংশ নিতে পারবেন।
এবারের ম্যারাথনের অন্যতম আকর্ষণ এর সামাজিক উদ্যোগ।
চ্যারিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘অরফান লাভ ফাউন্ডেশন’। রেজিস্ট্রেশন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। এ উদ্যোগে সংহতি জানিয়ে অনেক রানার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দিয়েও অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছর ম্যারাথনের জনপ্রিয়তা ও অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি আইকনিক ক্রীড়া ইভেন্টে পরিণত হবে।
ইউএনও মো. মাসুদ রানা বলেন, দেশি-বিদেশি দৌড়বিদ ও তরুণ ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়; এটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, তরুণদের ক্রীড়ামুখী করা এবং সামাজিক ঐক্যের একটি বড় উৎসবে পরিণত হয়েছে।
মিট দ্য প্রেসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এননস/এমনআ