এম নূরউদ্দিন আহমেদ : কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রোগ্রামের আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫জুন) সকালে উপজেলার হলরুমে পার্টনার কংগ্রেস প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫, রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুইয়া, বিএনপি নেতা আব্দুল বাছেদসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কংগ্রেসে গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। PARTNER প্রোগ্রামের মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, বাজার সংযোগ সম্প্রসারণ এবং আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন সফল কৃষি ও পুষ্টি উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরা হয়।
পাশাপাশি অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। কংগ্রেসে বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এ ধরনের আয়োজন অংশীজনদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষে PARTNER প্রোগ্রামের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
এননস/এমনআ